‘পদাতিক নাট্য সংসদ ৪০ বছরে পার রাখছে। এই দীর্ঘ সময় সবার সহযোগিতা ও সমর্থন থিয়েটার আন্দোলনে আমাদের যাত্রাকে সমৃদ্ধ করেছে। এ বছরও পদাতিক আয়োজন করছে ভাষাসৈনিক ও নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রয়াত শিল্পী এস এম সোলাইমানকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। সম্মাননা জানানো হবে লাকী ইনামকেও। এছাড়া সপ্তাহব্যাপী নাট্যোৎসবে মঞ্চস্থ হবে বিভিন্ন দলের ১২টি নাটক।’ বললেন পদাতিক নাট্য সংসদের প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল।
চ্যানেল আই অনলাইনকে শিমুল আরও জানান, আগামীকাল বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হবে এ আয়োজন। এবারের প্রতিপাদ্য ‘সকল বৈষম্যের ঊর্ধ্বে জাগোরে নবীন প্রাণ’। উদ্বোধন করবেন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যারা সম্মাননা পেয়েছেন, তারা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি আকতারুজ্জামান।
আগামী শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে স্মারক সম্মাননা প্রদান করা হবে। এতে অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আরও উপস্থিত থাকবেন মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী।
উৎসবে প্রতিদিন সন্ধ্যায় সাতটায় জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাটক মঞ্চস্থ হবে।







