দেশের কারিগরি বিদ্যালয়গুলোতে রয়েছে আধুনিক যন্ত্রের সংকট। এ কারণে লেখাপড়া শেষ করে ভালো প্রতিষ্ঠানে কাজ পায় না শিক্ষার্থীরা। তারা বলছে, প্রতিষ্ঠানে ব্যবহৃত মেশিনারিজের সঙ্গে লেখাপড়া অবস্থায় পরিচয়ই ঘটেনি তাদের।
পাবনার একটি কারিগরি স্কুলের ১০ম শ্রেণির মেশিন টুলস্ এ্যান্ড অপারেশন বিভাগের ল্যাবরেটরি। গাড়ির ইঞ্জিন, ঘাস কাটার মেশিন, পাওয়ার ট্রিলারসহ আরো নানা মেশিন রয়েছে এখানে। তবে এগুলোর সবই ২০ থেকে ১৫ বছর আগের।
শিক্ষার্থীরা বলছে, লেখাপড়া শেষে তাদের পরিচয় ঘটছে আধুনিক মেশিনের সঙ্গে। আধুনিক যন্ত্র না থাকায় ব্যপক অসুবিধার মধ্যে থাকে তারা।
আধুনিক প্রযুক্তি থেকে বেশ পিছিয়ে থাকার বিষয়টি স্বীকার করলেন শিক্ষকরাও। তারা জানালেন, কর্তৃপক্ষের কাছে আধুনিক যন্ত্রাংশ চেয়েছেন তবে এখনো তারা পায়নি।
এই প্রশিক্ষক যখন কথা বলছিলেন তখন এখানে হঠাৎ পরিদর্শনে আসেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। তিনিও স্বীকার করেছেন আধুনিক মেশিনের অভাবের কথা।
বললেন, টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য টাকা দিবেন, আরো জানান, প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজকরার কথা।
কারিগরি শিক্ষকরা বলছেন, কারিগরিতে শিক্ষার্থীর সংখ্যা উন্নীত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নও জরুরী।





