কর ফাঁকির মামলায় ২১ মাসের কারাদণ্ড পেয়েছিলেন লিওনেল মেসি। জরিমানা দেওয়ায় মেসির সেই কারাদণ্ড তুলে নিচ্ছে স্প্যানিশ আদালত। আর নিজের ফাঁকি দেয়া কর পরিশোধে সম্মত হয়েছেন রোনালদো। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।
গত বছর ৪১ কোটি ইউরো কর ফাঁকির মামলায় লিওনেল মেসি এবং তার বাবাকে ২১ মাসের কারাদণ্ড দেয় স্প্যানিশ আদালত। যদিও মেসি শুরু থেকে কর ফাঁকির বিষয়টি প্রত্যাখ্যান করে আসছিলেন। কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ায় আর্জেন্টাইন অধিনায়ককে এই দণ্ড দেন স্প্যানিশ কৌসুলিরা।
শেষ পর্যন্ত জেলে যেতে হয়নি বার্সা মহাতারকাকে। স্পেনের আইন অনুযায়ী, দুই বছরের কম জেল হলে সহিংস অপরাধ ছাড়া প্রথমবার জেলে যেতে হয় না। মেসি অবশ্য সব পাওনা কর পরিশোধ করেছিলেন। এবার ২ লাখ ৫৫ ইউরো পরিশোধ করে জেলদণ্ড থেকেও মওকুফ পেলেন।
মেসির পাশাপাশি এবার ফাঁকি দেওয়া কর পরিশোধ করতে রাজি হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বিরুদ্ধে ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ ওঠে।
জরিমানা দেওয়ার পরও এই বিশ্বসেরা ফুটবলারের বিরুদ্ধে পরিচালিত মামলা বন্ধ হবে কিনা তা জানা যায়নি। আগামী মাসের ৩১ জুলাই তাকে স্প্যানিশ আদালতে হাজির হতেও বলা হয়েছে।









