আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে ভয়াবহ বোমা হামলায় বহুসংখ্যক লোক হতাহত হয়েছে। হামলায় এখনো পর্যন্ত ২৮ জন নিহত ও তিন শতাধিক আহতের খবর পাওয়া গেছে। হামলা দায় স্বীকার করেছে তালেবান।
মঙ্গলবার দিনের ব্যস্ত সময়ের শুরুতে পুলি মাহমুদ খান এলাকায় এ হামলা চালানো হয়। হামলাস্থলের কাছাকাছি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা কম্পাউন্ড রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি এক বিবৃতিতে হতাহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে বলেন, ‘আমরা কঠোর ভাষায় সন্ত্রাসী এ হামলার নিন্দা জানাচ্ছি। এ হামলায় দেশবাসীর অনেকেই হতাহত হয়েছেন।’
তালেবানের বার্ষিক বসন্ত অভিযান শুরুর ঘোষণা দেয়ার এক সপ্তাহ পর ভয়াবহ এ হামলার ঘটনা ঘটলো।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সাদিকি জানান, একজন আত্মঘাতী হামলাকারী একটি গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। সম্ভবত আরো এক কিংবা দু’জন হামলাকারীকে প্রতিহতের চেষ্টা চলছে।
এদিকে ওই এলাকা থেকে এখনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। যদিও আফগান নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল পুরোপুরি ঘিরে রেখেছে। 
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কাবুলের বিভিন্ন হাসপাতালে ৪০ জনেরও বেশি আহত লোককে চিকিৎসা দেয়া হচ্ছে।
সপ্তাহখানেক আগে তালেবান সতর্ক করে বলেছিল, এই বসন্তে দেশজুড়ে শত্রুর অবস্থান লক্ষ্য করে তারা ব্যাপক হামলা চালাবে। তাদের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের সম্মানে অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন ওমরি’। উল্লেখ্য গত বছর মোল্লা ওমরের মৃত্যুর খবর ঘোষণা করা হয়।







