টাঙ্গাইল-৪ উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তা বাতিল করা হয়েছে। শুক্রবার এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেন তারা।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী ঢাকা নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে তাদের পক্ষে আপিলের আবেনদনপত্র জমা দেন। আপিলের বিষয়ে ইকবাল সিদ্দিকী বলেন, অগ্রণী ব্যাংক বঙ্গবীর কাদের সিদ্দিকীর মালিকানাধীন সোনারবাংলা প্রকৌশলী সংস্থার ঋণ সংক্রান্ত তথ্য বারবার পরিবর্তন করেছে।
এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেইজেও তারা ভুল তথ্য অন্তর্ভূক্ত করেছে। আর এ কারণে বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত ২(১)/ ২০১৫-২৯২৪ স্মারকের চিঠিতে অগ্রণী ব্যাংকের এমডিকে ১৪ অক্টোবরের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু রহস্যজনক কারণে অগ্রণী ব্যাংক ওই চিঠির কোনো জবাব দেয়নি।
এর আগে ১৩ অক্টোবর ঋণ খেলাপের অভিযোগে ঐ আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
আগের দিন ১২ অক্টোবর কাদের সিদ্দিকীকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করে রিটার্নিং অফিসারের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক।






