ঘরের মাঠে ৩-০তে জিতেও সতীর্থদের সতর্ক করেছেন লিওনেল মেসি। বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এখনো নিশ্চিত নয়, ফলে কাজ এখনো শেষ হয়নি। বুধবার রাতে ন্যু ক্যাম্পে এলএম টেনের জোড়া গোলের সঙ্গে লুইস সুয়ারেজের এক গোলে বড় জয় পায় বার্সেলোনা।
প্রথম লেগে তিন গোলে এগিয়ে থাকাকে ভালো ফলাফল বললেও এতে পুরোপুরি সন্তুষ্ট নন মেসি, ‘৩-০ চেয়ে ৪-০ হলে বেশি ভালো হত, তবে এটাও খুব ভালো ফলাফল।’
লিভারপুলের সমর্থক ও তাদের ইতিহাস-ঐতিহ্যের কথা ভেবেই ৩ গোলের লিড পেয়ে সতর্ক মেসি। বলেন, ‘এটা নিশ্চিত নয়, আমরা একটি খুব জটিল একটা পরিবেশে (অ্যানফিল্ড) যাচ্ছি। তাদের দুর্দান্ত ইতিহাস রয়েছে।’
এদিন অনবদ্য এক মাইলস্টোন গড়েন মেসি। তাও আবার স্মরণীয় একটি দিনে। ১৪ বছর আগে ঠিক এ দিনটিতেই বার্সেলোনার সিনিয়র দলের হয়ে প্রথম গোল করেছিলেন। কাতালান ক্লাবের জার্সিতে প্রথম গোলের ১৪ বছর পূর্তির দিনেই বার্সার হয়ে ৬০০তম গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
লিভারপুলের জালে দু’বার বল জড়ান মেসি। ফ্রি-কিক থেকে করা শেষ গোলটি মেসির মাইলস্টোন সূচক ৬০০ গোল। ওই গোল নিয়ে ফুটবল জাদুকর বলেছেন, ‘এটা খুবই সুন্দর ছিল, তবে আমি ভাগ্যবান ছিলাম যে, বলটা একেবারে কোণা দিয়ে গেছে।’
সবাই মিলে যা করেছেন তার চেয়ে আরও বেশিকিছু করার কথা বলছেন মেসি, ‘আমাদের অবশ্যই আগের তুলনায় আরও বেশি একতাবদ্ধ হওয়া উচিত, সেটা দল ও ভক্তদের সঙ্গে। আমরা মৌসুমের শুরুতে বলেছিলাম, আমরা এটা (চ্যাম্পিয়ন্স লিগ) একসাথে জিতব।’








