নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চারিতালুক এলাকার কাজলা বিলের কৃষকদের জমি, পুকুর, খাল রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছেন বলে মঙ্গলবার সাংবাদিকদের জানান আইনজীবী তৈমুর আলম খন্দকার।
সেই সঙ্গে ওই এলাকা পরিদর্শন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। আদালতে রিট আবেদনটি করেন স্থানীয় বাসিন্দা বাদশা মিয়াসহ ৪ জন। সে রিটের শুনানি নিয়ে সোমবার আদালত রুল জারি করেন।
আগামি দুই সপ্তাহের মধ্যে ভূমি সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ সচিব, রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট), নারায়ণগঞ্জের ডিসি ও এসপিসহ ১৩ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।








