স্পট ফিক্সিংয়ের দায়ে সাজাপ্রাপ্ত পেসার মোহাম্মদ আমিরের সঙ্গে একই দলে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তান জাতীয় দলে তার সতীর্থ মোহাম্মদ হাফিজ। আমিরের সঙ্গে একই দলে চুক্তি হওয়ায় চিটাগং ভাইকিংসকে ‘না’ করে দিয়েছেন তিনি।
২০১০ সালে ইংল্যান্ডে স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য সব ধরণের ক্রিকেটে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আমির। নিষেধাজ্ঞা শেষ হয় চলতি বছরের ১ সেপ্টেম্বর।
দুই বছর বন্ধ থাকার পর আগামীকাল থেকে ফের শুরু হতে যাচ্ছে বিপিএলের তৃতীয় আসর। এবার পাকিস্তানের ১৬ জন ক্রিকেটার টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন।
চিটাগংয়ে খেলার প্রস্তাব পেলেও আমিরের কারণেই ১০ লাখ পাকিস্তানি রুপির চুক্তি ফিরিয়ে দিয়েছেন হাফিজ। পাকিস্তানের উর্দুভাষী শীর্ষস্থানীয় পত্রিকা জংকে হাফিজ বলেন, ‘এটা নির্দিষ্ট কিংবা ব্যক্তিগত কোনো আক্রোশ নয়। এটা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন। আমি এমন কোনো ক্রিকেটারের সঙ্গে খেলতে পারবো না যে আমার দেশকে কলঙ্কিত করেছে।’
শুধু বিপিএলেই নয়। অনুশীলনের সময়েও আমিরের বল খেলেন না হাফিজ। সম্প্রতি লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমীতে একসঙ্গে অনুশীলনে ছিলেন হাফিজ ও আমির। সেখানেই বোলিং কোচ মুহাম্মদ আকরাম নেটে আমিরকে বলেন হাফিজকে বল করার জন্য। সঙ্গে সঙ্গে ‘না’ করে দেন হাফিজ। আমিরের জাতীয় দলে ফেরার বিরুদ্ধে হাফিজ সহ দলের একটি অংশ।







