ভারতের প্রথম বাংলা চলচ্চিত্র হিসেবে ফোর কে রেজ্যুলুশনে প্রদর্শিত হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘শঙ্খচিল’। শুক্রবার কলকাতার নন্দনে প্রিমিয়ারে যোগ দেন ছবির কলাকুশলীরা।
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্মের প্রয়াস, গৌতম ঘোষ পরিচালিত ছবি ‘শঙ্খচিল’ এর আরো একটি প্রিমিয়ার। এবার কলকাতার নন্দনে। বাংলা ভাষার কোনো ছবির এটিই প্রথম ফোর কে রেজ্যুলেশনের প্রিমিয়ার।
ছবির পরিচালক গৌতম ঘোষ বলেন, ভারতবর্ষে প্রথম ইন্ডিয়ান ফ্লিম ফোরকে রেজ্যুলেশন নন্দনে রিলিজ করেছে।
প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির নায়ক প্রসেনজিৎ, নায়িকা কুসুম শিকদার এবং শিশুশিল্পী সাঁঝবাতি।
প্রসেনজিৎ বলেন, রিয়েকশন দেখে আমি এটি বলতে পারছি যে শুধু বাংলায় কেন পুরো ভারতবর্ষের যেখানেই বাঙ্গালি রয়েছে সেখানেই এটিকে পৌঁছাতে পেরেছি।
অভিনেত্রী কুসুম শিকদার বলেন, দুই বাংলার জন্যেই এটি একটি প্রচণ্ড আনন্দের ব্যাপার। যদি এরকম হতেই থাকে তাহলে আমাদের সংস্কৃতি ও সিনেমা জগত আন্তর্জাতিকভাবে আরো অনেক এগিয়ে যাবে।
মুক্তির আগেই ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় ছবিটি দেখতে দর্শকদের আগ্রহের মাত্রা একটু বেশি।
পরিচালক রেশমী মিত্র বলেন, আমি চাই ছবিটা ভীষণ ভীষণ ভালো চলুক। আমি জানি চলবেও।
দুই দেশ মিলে প্রায় ১শ’টি হলে মুক্তি পেয়েছে শঙ্খচিল।







