করোনা ভাইরাসের কারণে চীনে অবস্থানরত বাংলাদেশিদের সুরক্ষা দিতে হটলাইন সেবা চালু করেছে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস।
একই সঙ্গে বিচলিত না হয়ে চীন সরকারের নির্দেশ মেনে চলার পরামর্শও দেয়া হয়েছে।
শনিবার ফেসবুকে এক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম লিখেছেন: ‘‘বেজিং এ আমাদের এম্বেসিতে হটলাইন খোলা হয়েছে (86)-17801116005। আমাদের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশিদের করা ২৪৫ সদস্যের উই চ্যাট গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন। বিশেষ করে উহান শহরে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। বিচলিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে।’’
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, শুধুমাত্র চীনের উহান প্রদেশেই করোনা ভাইরাসে আটকা পড়েছে ৫০০’র মতো বাংলাদেশি। যাদের অধিকাংশই শিক্ষার্থী।









