করোনাভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জার মিলে তৈরি হওয়া ‘ফ্লোরোনা’ নতুন আতঙ্ক তৈরি করেছে মানুষের মধ্যে। প্রথমবারের মতো ইসরায়েলের এক নাগরিকের শরীরে ফ্লোরোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার আরব নিউজ তাদের অফিসিয়াল টুইটার পেজে হ্যাসট্যগ #কোভিড-১৯ #ইনফ্লুয়েঞ্জার #ফ্লোরোনা লিখে এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।
আরব নিউজের বরাতে এনডিটিভি তাদের প্রতিবেদনে বলছে, ইসরায়েলের এক অন্তঃসত্ত্বা নারীর শরীরে এই প্রথম ‘ফ্লোরোনা’ শনাক্ত হয়েছে। গত সপ্তাহে প্রসব যন্ত্রণা নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন তিনি। তার করোনা ভ্যাকসিন নেওয়া ছিলো না।
গত এক সপ্তাহে ইসরায়েলে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বাড়ার পর এমন তথ্য আসলো।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শুধু গত সপ্তাহেই সেখানকার ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে ৫ হাজারের বেশি ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি করোনার নতুন এ সংক্রমিত ধরন ভাবাচ্ছে দেশটির চিকিৎসকদের। ফ্লোরোনায় সংক্রমিত হলে শরীরে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
স্বাস্থ্য ঝুঁকি এড়াতে করোনার ভ্যাকসিন নেওয়ার তাগিদ দিচ্ছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি বিবেচনায় দেশটির স্বাস্থ্য বিভাগ শুক্রবার থেকে কারোনার চতুর্থ ডোজ দেওয়া শুরু করেছে।







