অ্যাপলের শেয়ার ১০ শতাংশ কমে গেছে গত বৃহস্পতিবার। অ্যাপলের চিফ এক্সিকিউটিভ টিম কুক জানিয়েছিলেন চীনে অ্যাপলের বিক্রি থেকে রাজস্ব কমে গেছে।
আর সেটাই প্রভাব এনেছে অ্যাপলের শেয়ারের উপরে। অ্যাপলের মোট বিক্রির প্রায় ২০ শতাংশই হয় এ অঞ্চলে। কিন্তু চীনে চলছে অর্থনৈতিক মন্দা।
বুধবার, আইফোন তৈরিকারী এই প্রতিষ্ঠান জানিয়েছে, ২০১৮ সালের শেষ তিন মাসে প্রত্যাশিত ৮৪ বিলিয়ন ইউএস ডলারের রাজস্ব লাভের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
এর আগে ইউরোপে ফ্যাশন সংস্থা বারবেরির শেয়ার ৬ শতাংশ কমে গেছিলো। এলভিএমএইচ এবং হার্মিসের শেয়ারও খুবই কমে গেছিলো। এইসব প্রতিষ্ঠানই চীনের বিক্রিবাট্টার সঙ্গে সম্পর্কযুক্ত।
বছরের এই সময়টাই অন্যান্য অনেক সব কোম্পানির মতো বিক্রির উৎকৃষ্ট সময়। কিন্তু এবছর অ্যাপলের শেষ তিন মাসের বিক্রি আশানুরূপ হয়নি, সেটা গত বছরের এই সময়ের তুলনায় পাঁচ শতাংশ কম।
আগে সবচেয়ে বেশি ব্যবসা করার প্রতিষ্ঠান অ্যাপল এখন মাইক্রোসফট, অ্যামাজন এবং গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের থেকেও কম মূল্যবান।








