জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়ে মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সতর্কবার্তা পাঠিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। মন্ত্রীরা বলছেন, বৈশ্বিক পেক্ষাপটে জঙ্গি হামলা হবে না এমনটা নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। তবে এসব ঘটনায় ভীত নন তারা।
সোমবার ডিএমপি কমিশনার সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে ক্ষুদে বার্তা পাঠিয়ে বলেছেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যেকোন কেবিনেট সদস্যের উপর জঙ্গি হামলা হতে পারে। এজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। আপনি আপনার গানম্যান এবং প্রটেকশন পার্টিকে বার্তাটি অবহিত করবেন এবং সর্তক থাকবেন।
পুলিশ কমিশনারের বার্তাটিকে আগাম সর্তকতা হিসাবে দেখলেও মন্ত্রীরা বলছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই।
আইনমন্ত্রী এড.আনিসুল হক, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, এসব ঘটনায় ভীত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে মোকাবেলা করতে হবে।
মন্ত্রীরা বলেন, দেশের মানুষের নিরাপত্তা বাড়াতে বেশকিছু পদক্ষেপ নেয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীতে লোকবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
গত ১ জুলাই গুলশানের আর্টিজান বেকারি এন্ড রেঁস্তোরায় জঙ্গি হামলায় ১৭
বিদেশী নাগরিক, দুই পুলিশ কর্মকর্তা এবং ৩ বাংলাদেশী নিহত হন। এর কয়েকদিন
পর শোলাকিয়ায় আরেক জঙ্গি হামলায় মারা যান দুই পুলিশসহ ৩ জন। হামলার ঘটনা
আবারো ঘটতে পারে এমন গোয়েন্দা আশংকার পর মন্ত্রীদের কাছে মোবাইল ফোনে এসএমএস পাঠান ঢাকার কমিশনার।







