জুভেন্টাসের সঙ্গে চুক্তির অনেকদিন পেরিয়ে গেছে। প্রাক-মৌসুম টুর্নামেন্ট আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে দলটি কয়েকটি ম্যাচও খেলে ফেলেছে। কিন্তু রোনালদোর দেখা নেই। ইতালির গণমাধ্যম জানাচ্ছে, আগস্টের শেষ দিকে ছাড়া রোনালদো মাঠে নামছেন না।
জুভেন্টাসে নিজের প্রথম অনুশীলনে যোগ দিতে ইতিমধ্যে তুরিনে পা রেখেছেন রোনালদো। সোমবার অনুশীলনে নামবেন।
আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপ খেলতে জুভেন্টাস এখন যুক্তরাষ্ট্রে। সামনের শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচ রয়েছে। এই ম্যাচেও রোনালদো খেলবেন না।
বিশ্বকাপের পর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। তাকে দলে টানতে ১০৫ মিলিয়ন ইউরোতে চুক্তি করে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এই চার বছরে আনুষঙ্গিক সুযোগ সুবিধাসহ বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন রিয়ালের সদ্য সাবেক এই ফুটবলার।
রোনালদো প্রস্তুত হবেন ইতালির ঘরোয়া টুর্নামেন্ট সেরি আ’তে খেলার জন্য। জুভেন্টাসের প্রথম ম্যাচ ১৯ আগস্ট। সেই ম্যাচে সিআর সেভেনকে মাঠে দেখা যেতে পারে।







