বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে ছিলেন না মোস্তাফিজুর রহমান। ঢাকা পর্বে দলের সঙ্গে যোগ দিলেও ম্যাচ খেলতে নামা হয়নি। এই পর্বে আর খেলার সম্ভাবনাও নেই। ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্বে ফিরতে পারেন কিনা; সেটি নিয়েও আছে সংশয়!
ঢাকা পর্বে ফিজের নামা হচ্ছে না এ ব্যাপারে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী। বললেন, চট্টগ্রাম পর্বে সম্ভব হবে কিনা সেটি নির্ভর করবে উন্নতির উপর।
‘ঢাকা পর্বে মোস্তাফিজের খেলার সুযোগ নেই। আমরা ৬ সপ্তাহ দেখতে বলেছিলাম। ৬ সপ্তাহ পূর্ণ হবে ২২ তারিখ। এখন ও টিমের সঙ্গে থেকে শর্ট রানআপে বল করছে। চট্টগ্রাম পর্বে পুশ করা হতে পারে। খেলার ব্যাপারটি নির্ভর করবে শারীরিক অবস্থার উন্নতির উপর।’
চট্টগ্রাম পর্বে রাজশাহী কিংসের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর কুমিল্লার ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। এক সপ্তাহ সময়ের মধ্যে নিজেকে ফিরে পেলে ওই ম্যাচেই দেখা যেতে পারে ফিজকে।
মোস্তাফিজকে পেতে ভাগ্যের দিকে তাকিয়ে থেকেছে বিপিএলের দলগুলো। প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ প্লাস ক্যাটাগরির একমাত্র প্রতিনিধিকে লটারিভাগ্যে দলে ভেড়ায় রাজশাহী কিংস। কিন্তু দুর্ভাগ্য তাদের; বিপিএলের শুরু থেকে পাওয়া যায়নি সেরা বোলারকে।
সেটি অবশ্য সহজভাবেই নিয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক ও টিম ম্যানেজমেন্ট। বিসিবির মেডিকেল বিভাগ থেকেও আছে তাড়াহুড়ো না করার নির্দেশনা। কথা ছিল, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত খেলানোর ব্যাপারে কোনোরকম চাহিদা দেখানো যাবে না। রাজশাহীর কর্মকর্তারা এখন পর্যন্ত সেই কথা রেখেছেন।








