হোম কন্ডিশনে ওয়ানডে’র এ সময়ের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছে আইসিসি র্যাংকিং এর দশ নম্বর দল আফগানিস্তান। ১-১ এ সমতার কারণে ‘রকেট ডাচ-বাংলা ব্যাংক’ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ‘অলিখিত-ফাইনাল’ হয়ে উঠেছে। টাইগার-অধিনায়ক মাশরাফি’র কথা, ব্যাটসম্যানরা ছন্দে ফিরলেই সিরিজ জয় সম্ভব হবে।
২০১৪’র নভেম্বরে জিম্বাবুয়ের সাথে সিরিজ নিয়ে দেশের মাটিতে টানা পাঁচটি সিরিজ জিতে র্যাংকিং এর সাত নম্বরে মাশরাফি’র ‘টিম-টাইগার্স’। ২০১৫’র জুলাইয়ে সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ ছাড়া লাল-সবুজকে কাছাকাছি সময়ে দেশের মাটিতে এমন কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি। সেই সিরিজের মতো এবারো শেষ ম্যাচেই ভাগ্য নির্ধারণ।
আন্ডারডগ আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারলে ওয়ানডে র্যাংকিং’এ এক ধাপ অবনমন নিশ্চিত। আফগানদের সামলাতে সাকিব-তাইজুলের সঙ্গে তৃতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে মোশাররফ রুবেলকে স্কোয়াডে নেয় হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যাটসম্যানদের ছন্দে ফেরার তাগিদ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
দ্বিতীয় ম্যাচে হারকে দুর্ঘটনা বলেই ভাবছেন মাশরাফি। তবে আফগানদের কৃতিত্ব দিতে কার্পণ্য নেই। যা ঘটে গেছে তা নিয়ে দুশ্চিন্তা না করে সেরা পারফরম্যান্সের তাগিদ মাশরাফি’র।
পুরো সিরিজে আফগানদের একটিই কৌশল, ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামা। ভুলগুলো শুধরে উপভোগ্য ক্রিকেট খেলার প্রতিশ্রুতি তাদের। পাশাপাশি সিরিজ জয়ে সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছে, গত অক্টোবর ও ডিসেম্বরে পরপর দুই ওয়ানডে সিরিজে টেস্ট খেলুড়ে জিম্বাবুয়েকে ৩-২ ব্যবধানে হারানো আফগানিস্তান।
সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতি সারার কথা জানিয়েছে ‘টিম-টাইগার্স’।







