কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করছে দেশটির বিরোধী দল। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ অতর্কিতে গুলি চালায় বলেও অভিযোগ করছে তারা। বিক্ষোভের পর আশপাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
এ বছরের শেষ দিকে কঙ্গোতে নির্বাচন হওয়ার কথা। কিন্তু নির্বাচনটি আরও দেরিতে অনুষ্ঠিত হবে বলে দেশটির প্রেসিডেন্ট জোসেফ কাবিলা ঘোষণা দেয়ার পর থেকেই সেখানে অস্থিরতার সৃষ্টি হয়।
প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে কিনশাসা শহরে ব্যারিকেড দিয়ে আন্দোলন করে কঙ্গোর ডেমোক্র্যাটিক দলের সমর্থকরা। সে সময় পুলিশ বাধা দিলে হতাহতের ঘটনা ঘটে। গত বছরও এরকম বিক্ষোভে ১২ জন নিহত হয়।









