কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ চার শিক্ষার্থীকে একদিন পর রাঙ্গামাটি থেকে উদ্ধার করেছে পুলিশ।
রাঙ্গামাটি সদরের রিজার্ভ বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে পুলিশ সোমবার দুপুরে তাদেরকে উদ্ধার করে অভিভাবকদের হাতে তুলে দেয়।
রোববার সকালে প্রাইভেট পড়া ও স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে এ চার শিক্ষার্থী রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ হয়।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কামরুল আজম বলেন, রোববার সকালে প্রাইভেট পড়া ও স্কুলের জন্য বেরিয়ে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থী বাড়ি ফিরে না আসায় রাতে শহরের মাইকিং করা হয়।
‘চার শিক্ষার্থীর পরিবার ও স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের রহস্যজনকভাবে নিখোঁজের কথা উল্লেখ করে সোমবার সকালে থানায় জিডি করেন।’
তিনি আরো জানান, এরপরই বিশেষ পদ্ধতি ব্যবহার করে চার শিক্ষার্থী রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকায় আবাসিক হোটেল রাজুতে অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া যায়।
রাঙ্গামাটি সদর থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, কক্সবাজার সদর থানা পুলিশের অনুরোধে আমরা খবর নিয়ে জানতে পারি তারা, এখানে একটি হোটেলে আছে। সোমবার দুপুর ২ টার দিকে সদর থানার এএসআই শাহজালাল রাজু হোটেলের ৪০২ কক্ষ থেকে তাদের উদ্ধার করে। সংখ্যায় তারা চারজন হলেও সাকিব নামে এক শিক্ষার্থীর নামে রুম বুকিং করা হয়।
রাঙ্গামাটি সদর থানার ওসি সত্যজিৎ বড়ুয়া আরো জানান, শিক্ষার্থীরা জানিয়েছে তারা স্বেচ্ছায় চট্টগ্রাম ও রাঙ্গামাটি এলাকায় বেড়াতে গেছে। তাদের সাথে ফুটবলসহ খেলার নানা সরঞ্জাম রয়েছে বলেও জানান পুলিশ।







