কক্সবাজারে কোভিড-১৯ এ প্রথম মৃত্যু

করোনাভাইরাসের ভাইরাসের কল্পিত 3D মডেল, জীবাণু সংক্রমণের প্রতীকী ছবি, যা বিশ্বজুড়ে মহামারীর প্রভাব বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজারে কোভিড-১৯ এ প্রথম রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর (৬৫) মৃত্যু হয় বলে জানান কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মো. মাহবুবর রহমান।
তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে রামু উপজেলার পূর্ব কাউয়ারখোপের ৬৫ বছর বয়স্ক এক নারী মঙ্গলবার দুপুরে কক্সবাজারে ভর্তি হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়। বুধবার ওই নারীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে পজেটিভ পাওয়া যায়। করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়ার আগেই বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
করোনায় মৃত্যু হওয়া ওই নারীর লাশ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, ‘নারীর মৃত্যুর বিষয়টি করোনা সংকটে গঠিত জেলা লাশ ব্যবস্থাপনা কমিটিকে অবহিত করা হয়েছে। ‘
রামুর ইউএনও প্রণয় চাকমা বলেন, করোনা আক্রান্ত নারীর মৃত্যুর বিষয়টি শোনার পর সরকারি নির্দেশনা মতে শেষকৃত্যের ব্যবস্থা নেয়া হচ্ছে।





