ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় ইয়াবা ব্যবসায়ীদের হাতে খুন হয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মো: ফয়সাল (২১) । রোববার রাতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে আটক করেছে পুলিশ। এ হত্যার প্রতিবাদে সোমবার মানব বন্ধন করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের সহপাঠিরা।
নিহত ফয়সাল কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নুরুল আলমের ছেলে এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র।
কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে একটি ইয়াবা সিন্ডিকেটের অপকর্মের প্রতিবাদের কারণে এ ছাত্রকে হত্যা করা হয় বলে জানা গেছে।
নিহত ফয়সালের বড় ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিদুয়ানুর রহমান জানান, এলাকার কয়েকজন ব্যক্তি সিন্ডিকেট করে খুচরা ও পাইকারী ভাবে ইয়াবা বিক্রি করে আসছিল। যার ফলে উঠতি যুবকসহ অনেকে বিপথগামী হওয়াই বিষয়টি নিয়ে ফয়সাল ইয়াবা ব্যবসায়ীদের ইয়াবা বিক্রি করতে নিষেধ করে। কিন্তু তারপরও তারা ইয়াবা বিক্রি করতে থাকে, এই নিয়ে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। কয়েকদিন ধরে ইয়াবা ব্যবসায়ীদের ইয়াবা বিক্রিতে সরাসরি বাধা দেয় ফয়সাল। তাই ক্ষিপ্ত হয়ে তারা ফয়সালকে কুপিয়ে হত্যা করে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাইনুদ্দিন জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় রোববার রাতেই খুনের সাথে জড়িত ছয় জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফয়সালের খুনের প্রতিবাদে জেলাজুড়ে লোকজনের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ইয়াবা ব্যবসায়ীদের হাতে একজন সম্ভাবনাময় ছেলের খুন হওয়া নিয়ে সবাই ক্ষুব্ধ হয়ে উঠেছে।







