‘ভিরু পায়ে নূপুর ছন্দে/ অপূর্ণ স্পর্শ লুকিয়ে’—ওয়ারফেজের ‘অপরূপ বিস্ময়’ গান। এখন পর্যন্ত ওয়ারফেজ শুধু অ্যালবাম বের করেছে। কিন্তু এবার সিঙ্গেল ট্র্যাক প্রকাশ করছে দেশের জনপ্রিয় এই ব্যান্ড। সঙ্গে মিউজিক ভিডিও। শুটিংও হয়ে গেছে। এখন শুধু ইউটিউবে তা দেখার জন্য অপেক্ষা।
‘অপরূপ বিস্ময়’ গানের কথা লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন কমল, ওয়ারফেজের লিড গিটারিস্ট।
গানটি নিয়ে ওয়ারফেজের ড্রামার ও দলপ্রধান শেখ মনিরুল আলম টিপু জানান, ‘অপরূপ বিস্ময়’ হেভি মেটাল ব্যালাড সং। এখন ওয়ারফেজের ভোকাল পলাশ। গানটি তিনিই গেয়েছেন। এটি ওয়ারফেজে তার প্রথম মৌলিক গান।
টিপু বললেন, ‘আমরা অনেক দিন পর নতুন গান তৈরি করেছি। পহেলা বৈশাখে শ্রোতাদের জন্য গানটি আমাদের উপহার। আশা করছি, ওয়ারফেজের শ্রোতাদের কাছে ভালো লাগবে। আর মিউজিক ভিডিওটি সেভাবেই তৈরি হচ্ছে।’
‘অপরূপ বিস্ময়’ গানের অডিও শোনা যাবে রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপে। আর মিউজিক ভিডিও দেখা যাবে ওয়ারফেজের ইউটিউব চ্যানেলে।
পহেলা বৈশাখে ওয়ারফেজ গান করবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। পরদিন রাঙামাটিতে আয়োজিত কনসার্টে গান গাওয়ার কথা আছে তাদের।










