শ্রীলঙ্কাকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। বর্তমান র্যাঙ্কিং পদ্ধতি চালুর পর এই নিয়ে পঞ্চমবারের মত শীর্ষে ওঠার স্বাদ পেল প্রোটিয়ারা। সবশেষ ২০১৪ সালে র্যাঙ্কিংয়ের চূঁড়ায় উঠেছিল দলটি।
সিরিজ শুরুর আগে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার থেকে ৪ পয়েন্ট পেছনে ছিল দক্ষিণ আফ্রিকা। তারা ৫-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারানোর আগে নিউজিল্যান্ডের মাটিতে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে অস্ট্রেলিয়া। দুইয়ের যোগ-বিয়োগে সেরার রাস্তাটা পরিষ্কার হয় ডি ভিলিয়ার্সের দলের।
বর্তমানে ১১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। এই পথে গত মৌসুমে ১৭টি ওয়ানডে খেলে ১৩টিতে জয় তাদের। এক ধাপ নেমে দুইয়ে এখন অস্ট্রেলিয়া। অবশ্য ব্যবধান খুবই সামান্য! তিনে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১১৩। ভারত সেখানে ১১২ পয়েন্ট নিয়ে চারে থেকে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বাংলাদেশ সাত নম্বর স্থানটা ধরে রেখেছে।
জায়গাটা ধরে রাখাও কঠিন হয়ে যাবে আমলা-ডি ককদের জন্য। ফেব্রুয়ারির শেষ নাগাদ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা। তাতে ৩-২ বা আরো বড় ব্যবধানে জিতে অস্ট্রেলিয়ার সঙ্গে দূরত্ব বাড়ানোর সুযোগ যেমন থাকছে, উল্টো কিউইরা ৩-২ ব্যবধানে জিতে গেলে ছোঁয়া দূরত্বে থাকা অজিদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে প্রোটিয়াদের।
ডি ভিলিয়ার্স অবশ্য আশাবাদী। না হওয়ারও কারণ নেই। দল যেমন ফর্মে আছে সেটা ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ই ঝরল তার কণ্ঠে। আপাতত শীর্ষে ফেরাটা উপভোগ করতে চান তিনি। শীর্ষে থেকেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে যেতে চান।







