শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসন্ন ওয়ানডে সিরিজে নেই দলের সেরা ব্যাটসম্যানদের একজন গ্লেন ম্যাক্সওয়েল।
১৫ সদস্যের দলের নেতৃত্বে থাকছেন যথারীতি স্টিভেন স্মিথ। দলে ঢুকেছেন মইসেস হেনরিকস এবং শন মার্শ। ম্যাক্সওয়েল সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজে দলের একাদশে ছিলেন। সেই সিরিজে ৫টি ম্যাচ খেলা ম্যাক্সওয়েল বল হাতে তিন উইকেট নিলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ।
২০১২ সালে ওয়ানডেতে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। প্রথমবারের মতো বাজে পারফর্মে দল থেকে বাদ পড়লেন ৬৭টি ওয়ানডে খেলা এই মারমুখী ব্যাটসম্যান।
১২৫.৭৪ স্ট্রাইকরেটে তিনি ওয়ানডেতে একটি শতক আর ১৩টি অর্ধ-শতক হাঁকিয়েছেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা ম্যাক্সওয়েলকে ধারাবাহিক হওয়ার পরামর্শ দিয়েছেন।
অস্ট্রেলিয়া দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জোস হ্যাজেলউড, মইসেস হেনরিকস, উসমান খাজা, মিচেল মার্শ, শন মার্শ, নাথান লিয়ন, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।







