অ্যাশেজের টেস্ট সিরিজে ৪-০তে হেরেছিল ইংল্যান্ড। সেই শোধ ওয়ানডেতে নিল ইংলিশরা। শেষ ম্যাচ ১১ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে পকেটে ভরে ইয়ন মরগানের দল। নিজেদের মাটিতে এটি অজিদের সবচেয়ে বড় ব্যবধানে সিরিজ হার।
টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ইংলিশরা। আর পঞ্চম ও শেষ ওয়ানডেতে জয় নিয়ে সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান ৪-১ করে তারা।
রোববার পার্থে ২৬০ রানের টার্গেটে ১০ বল বাকি রেখে ২৪৭ রানে গুঁড়িয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। সর্বোচ্চ ৮৭ রান করেন ওয়ানডাউন ব্যাটসম্যান মার্কাস স্টোইনিস। ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংক্রমে শুরুর সাত খেলোয়াড়ের প্রত্যেকেই দুই অঙ্কের রানের কোঠায়। তবে ম্যাক্সওয়েল ও টিম পেইনের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান।
এর আগে জো রুট ৬২, জনি বেয়ারস্টো ৪৪ ও জেসন রয়ের ৪৯ রানে ভর করে ২৫৯ রান তোলে ইংল্যান্ড। পেসার অ্যান্ডু টাইয়ের ৫ উইকেট শিকারে ১৪ বল বাকি থাকতেই অলআউট হয় ইংলিশরা। পরে ৫ উইকেট তুলে নিয়ে অবশ্য টাইয়ের জবাব দিয়েছেন সফরকারী পেসার টম কুরান।







