অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসিসহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন করেছেন এই পুলিশ কর্মকর্তার হাতে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
সোমবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ‘টেকনাফের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়। সেখানে ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তাফা খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সেসময় সাংবাদিক ফরিদুল মোস্তাফা বলেন, ‘ওসি প্রদীপের ইয়াবা কারবারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আমার বিরুদ্ধে ছয়টি মিথ্যা মামলা করা হয়। এছাড়াও ওসি প্রদীপ আমাকে ঢাকা থেকে আটক করে থানায় এনে চরম নির্যাতনের পর মিথ্যা মামলায় প্রায় এক বছর জেল খাটতে বাধ্য করে।’
এই মামলায় ওসি প্রদীপসহ সকল আসামির ফাঁসির দাবি করেন তিনি।
আজ সোমবার দুপুর ২টার দিকে সিনহা হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে।







