রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে আগামীকাল (বুধবার) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে বসছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেসময় তার সঙ্গে উপস্থিত থাকবেন দলটির আরও ২১ জন নেতা। আগামীকাল বেলা ১১টায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে: মঙ্গলবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিনিধিদলের তালিকা নিয়ে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যান। তালিকার চূড়ান্ত অনুমোদন দেন শেখ হাসিনা। এরই মধ্যে প্রতিনিধিদলে অন্তর্ভূক্তদের কাছে তাদের অন্তর্ভূক্তির ব্যাপারে নিশ্চিত করে আগামীকাল যথা সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ওবায়দুল কাদেরের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন: আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাম্বাসেডর জমির, মো. রশিদুল আলম. মাহবুবউল-আলম হানিফ এমপি, ডা. দীপু মণি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, আব্দুর রহমান এমপি, এইচ এন আশিকুর রহমান এমপি, ড. হাছান মাহমুদ এমপি, ড. আব্দুস সোবহান গোলাপ ও অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার।
তবে স্ত্রীর অসুস্থার কারণে বর্তমানে দলটির সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশের বাইরে রয়েছেন। তাই এ বৈঠকে তার অংশ নেওয়ার সম্ভবনা নেই।
গত ৩১ জুলাই সুশীল সমাজের সঙ্গে বসার মধ্যদিয়ে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এরপর, ১৬ ও ১৭ আগস্ট নির্বাচন কমিশন আলোচনার জন্য আমন্ত্রণ জানায় গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্বদের। সবশেষ ২৪ আগস্ট রাজনৈতিক দল গুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।








