তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’। এই ছবিতে জয়ললিতার ভূমিকায় আছেন কঙ্গনা রানাউত। ছবিতে জয়ললিতার লুক এর জন্য ওজন বাড়াতে হয়েছে কঙ্গনাকে। জানা গেছে ওজন বাড়ানোর জন্য হরমোনের ওষুধ সেবন করেছেন তিনি।
শনিবার প্রকাশ পেয়েছে জয়ললিতার চরিত্রে কঙ্গনার লুক। এই লুকে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন কঙ্গনা। ডাবল চিন, মাঝে সিঁথি, শাড়িতে চেহারা একেবারেই পাল্টে গেছে কঙ্গনার। কঙ্গনা রনৌতের এই ‘থালাইভি লুক’ তৈরি করেছেন হলিউডের প্রস্থেটিক বিশেষজ্ঞ জেসন কলিন্স।
ছবির চরিত্রের জন্য ছিপছিপে গড়নের কঙ্গনাকে পেট, উরু, এবং কোমরে মেদ বাড়াতে হয়েছে। কঙ্গনার মুখও গোল না। মুখেও মেদ বাড়াতে হয়েছে। এসব কারণে হালকা মাত্রার হরমোনের ওষুধ খেতে হয়েছে তাকে।
বায়োপিকটি তামিল ও হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে। দক্ষিণের জনপ্রিয় পরিচালক এ এল বিজয় ‘থালাইভি’ পরিচালনা করছেন। ছবিটি মুক্তি পাবে ২০২০ এর ২৬ জুন। -পিঙ্ক ভিলা








