বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন। তিনি যে নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক নেন, তা ইন্ডাস্ট্রির সবারই জানা। তবে এই পারিশ্রমিক কমাতে অনুরোধের মুখে পড়তে হলো ‘দেবদাস’ খ্যাত এই নায়িকাকে।
জানা গেছে, রাকেশ ওম প্রকাশ মেহেরা পিকচার্স এবং প্রেরণা আরোরাস ক্রিয়াজ এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় ‘ফ্যানি খান’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঐশ্বর্য। এমনকি ছবির শুটিংও শুরু হয়েছিল।
কিন্তু কলাকুশলীদের টাকা দেওয়া নিয়ে সমস্যা হওয়ায় প্রেরণার জায়গায় প্রজেক্টটি হাতে নেন ভূষণ কুমার। আর তার পরই নতুন করে ছবিটির বাজেট তৈরি হয়। এতেই পারিশ্রমিক কমানোর জন্য অনুরোধ করা হয় ঐশ্বর্যকে।
এ ছবির দুটি গান এরই মধ্যে ঐশ্বর্য শুট করে ফেলেছেন। তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি।
যদিও পারিশ্রমিক কমানোর বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ঐশ্বর্য। সব কিছু ঠিক থাকলে আগামী ৩ আগস্ট মুক্তি পেতে পারে ছবিটি।








