জুলাই মাসেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভারতের বাংলা ছবি ‘চ্যাম্প’। এবার ঈদ উপলক্ষে গত ২৩ জুন দেবের এই ছবিটি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। জানা গেছে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ছবিটি এ দেশে আমদানী করছে তিতাস কথাচিত্র।
বাংলাদেশে ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। আজ সোমবার এই প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এখনো প্রয়োজনীয় সব অনুমতি ও সেন্সর বোর্ডের ছাড়পত্র আমরা হাতে পাইনি। তবে আমরা চেষ্টা করছি। সব কিছু সময় মতো পাওয়া গেলে জুলাই মাসেই ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে।’
‘চ্যাম্প’ ছবিটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। প্রযোজক দেব। এবারই প্রথম চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। ছবিতে আরও অভিনয় করছেন রুক্ষিনী মৈত্র, চিরঞ্জিৎ, প্রিয়াঙ্কা সরকার, কৌশিক গাঙ্গুলী, লাবণী সরকার প্রমুখ।
জানা গেছে, ‘চ্যাম্প’ ছবির বিনিময়ে বাংলাদেশ থেকে রপ্তানী করা হচ্ছে ‘মাস্তানি’। পরিচালক ফিরোজ খান প্রিন্স। এই ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ ও মৌসুমী হামিদ।
‘চ্যাম্প’ ছবির ট্রেলার:







