ইফতি আমেরিকা প্রবাসী। দেশে এসে ভাইয়ের ফ্ল্যাটে ওঠে। ভাই-ভাবী তার জন্য পাত্রী দেখতে শুরু করে। কিন্তু তিনজনকে দেখার পরেও পছন্দ হয়না তার। ইফতির মনে ধরেছে আভাকে। পাশের ফ্ল্যাটের মেয়ে। যার সঙ্গে পরিচয়ের সুত্রপাত অপ্রীতিকর ঘটনায়। তবে ইফতির তাকেই বিয়ে করতে হবে। ভাই-ভাবী ইফতির জেদের কাছে হার মানে। মেয়ে দেখতে যায় তারা। কিন্তু পাত্রী দেখতে গিয়ে উল্টো বিড়ম্বনায় পড়েন ইফতি। পাত্রী তাকে বলে হেঁটে দেখাতে। প্রশ্ন করে নানা রকম। পরে পাত্রী তাকে প্রত্যাখ্যান করে। কিন্তু নাছোড়বান্দা ইফতি জয় করতে চায় আভার মন।
এমন গল্পে ‘পাত্রী বিড়ম্বনায়’ অভিনয় করছেন জোভান এবং সাফা কবির। ইফতি চরিত্রে জোভান আর আভা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহরিয়ার সুমন। অলোক ঢালীর প্রযোজনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন তাহমিনা মৌ, উত্তম কুমার, আনারকলি প্রমুখ।

রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। ২৭ এপ্রিল নাটকটি এশিয়ান টেলিভিশনে প্রচারিত হবে। নাটক প্রসঙ্গে জোভান চ্যানেল আই অনলাইনকে বলেন, নাটকটিতে ফানের মধ্যেও একটি বার্তা দেওয়ার চেষ্টা রয়েছে। এখনও পাত্রী দেখার নামে যে অবমাননা চলে সেটি যে থাকা উচিত না তা বোঝানো হয়েছে। সাফার সঙ্গে কাজ সবসময়ই আনন্দের। এখানেও সেই আনন্দ পেয়েছি। আশা করি সবার ভালো লাগবে। সাফা কবির চ্যানেল আই অনলাইনকে বলেন, নাটকের গল্পটি খুব মজার। ডিরেক্টরও দারু দক্ষতায় কাজটি করেছেন। আমাদের জুটির কাজ সবার ভালো লাগবে এই বিশ্বাস আছে।








