আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ার মাটিতে। তার একমাস আগে পাকিস্তানের মাটিতে মাঠে গড়াবে এশিয়া কাপ টি-টুয়েন্টি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে আসর আয়োজনের ভার পেয়েছে দেশটি।
২০২০ সালে এশিয়া কাপের ১৫তম আসর বসবে। একই বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় নিয়ম অনুযায়ী এশিয়া কাপও টি-টুয়েন্টি ফরম্যাটে হবে। মঙ্গলবার সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে পাকিস্তানকে আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়।
সিঙ্গাপুরের মিটিংয়ে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা উপস্থিত ছিলেন। পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি ও ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান।
আয়োজনের ভার পেলেও অবশ্য নানামুখী প্রশ্ন থাকছে। শ্রীলঙ্কা টিম বাসে সন্ত্রাসী হামলার পর দশ বছর গড়াল পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় নির্বাসিত। রাজনৈতিক বৈরিতায় ভারত কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না পাকিস্তানের সাথে, সেখানে শেষপর্যন্ত তারা পাকিস্তানের মাটিতে খেলতে যাবে তো! এমন নানামুখী প্রশ্ন সঙ্গী করেই নিজভূমে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া চেষ্টা এগিয়ে নিচ্ছে পিসিবি।








