পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, দলের প্রস্তুতিতে তিনি সন্তুষ্ট এবং এশিয়া কাপের প্রতিটি মাচেই প্রতিপক্ষের সামনে ৩০০এর বেশি রান সংগ্রহ করতে চান।
সংযুক্ত আরব আমিরাতে রওনা হওয়ার আগে দেশের বিমানবন্দরে সাংবাদিকদের সরফরাজ বলেন, ‘লাহোরের প্রচণ্ড গরমে আমাদের প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে। আরব আমিরাতের আবহাওয়াও বেশ গরম। আমরা সেইরকম পরিবেশেই প্রস্তুতি নিয়েছি।’
তার আরো সংযোজন, ‘আবহাওয়ার কারণে আমিরাতে সব দলই আগে ব্যাট করতে চাইবে। তাই প্রথম ব্যাট করলে ব্যাটসম্যানদের কাছে আমি ৩০০এর বেশি রান চাইব। কারণ আমাদের বোলিং লাইনআপ ভালো, এই রানে তারা প্রতিপক্ষকে প্রতিরোধ করতে পারবেন।’
এই ক্ষেত্রে গত চ্যাম্পিয়ন্স লিগের উদাহরণ টেনেছেন পাকিস্তানি অধিনায়ক। ওই টুর্নামেন্টে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা ও ফাইনালে ভারতের বিরুদ্ধে ৩০০এর বেশি রান করে ম্যাচ জিতেছিল সরফরাজের দল।
আগামী ১৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর। এতে পাকিস্তান ছাড়াও অংশ নেবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।







