সামনের বছর অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে কোয়ার্টার-ফাইনাল থেকে ভিডিও রেফারি রাখার অনুমতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এশিয়ান কাপের আসর বসবে জানুয়ারিতে, সংযুক্ত আরব আমিরাতে। এএফসির রেফারি কমিটি শুক্রবার ভিডিও রেফারি নিয়ে বিস্তারিত আলোচনা করবে। টুর্নামেন্টের সাতটি ম্যাচের জন্য রেফারিদের সার্বিক দিকনির্দেশনা দেয়া হবে।
এশিয়ান কাপ এবার ২৪টি দল নিয়ে আয়োজিত হবে। আগে কোনোদিন এত দল অংশ নেয়নি। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম সহকারী হিসেবে ভিডিও রেফারি থাকছে।
রাশিয়া বিশ্বকাপে শুরু থেকে ভিডিও রেফারি ছিল। এরপর আফ্রিকান কাপ অব নেশন্সেও কোয়ার্টার-ফাইনাল থেকে ভিডিও রেফারি রাখা হয়।
আন্তর্জাতিক টুর্নামেন্টের বাইরে ইউরোপের শীর্ষ লিগগুলোতে ব্যবহৃত হচ্ছে ভিডিও রেফারি। যার মধ্যে রয়েছে লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা, লিগ ওয়ান এবং পর্তুগালের প্রিমিয়েরা লিগা।
নিয়মানুযায়ী ভিডিও রেফারির সাহায্য নেয়া হবে কি না, সেটা মাঠের রেফারির ওপর নির্ভর করে। এছাড়া কোনো ঘটনায় যদি মাঠের রেফারি ‘স্পষ্ট ভুল’ করেন, তখন সহকারী রেফারিদের পক্ষ থেকে ভিডিও দেখার পরামর্শ দেয়া হয়।
সাইডলাইনের পাশে একটি মনিটর থাকে। সেখান থেকে রিপ্লে দেখতে পারেন রেফারি। ২০১৬ সালের মার্চ থেকে পরীক্ষামূলকভাবে ভিডিও প্রযুক্তির ব্যবহার শুরু করে ফিফা।







