এল ক্ল্যাসিকোর আগে যখন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে চলছে আলোচনা, তখন সিরি অ’তে দুর্দান্ত সিআর সেভেন। প্রথমার্ধে পিছিয়ে পড়েও রোনালদোর জোড়া গোলে জিতেছে জুভেন্টাস। অ্যাওয়ে ম্যাচে এস্পোলিকে ২-১ গোলে হারিয়েছে অ্যালেগ্রির দল।
রোনালদো-দিবালাসহ পুরো শক্তির দলই ছিল জুভেন্টাসে। তারপরও ফ্লোরেন্সে ম্যাচের ৩০ মিনিটেই কাপুতোর গোলে পিছিয়ে যায় জুভেন্টাস।
রোনালদো-দিবালার সঙ্গে অ্যালেক্স সান্দ্রো ও মিরালেম পিয়ানিচরা একাধিক আক্রমণ করলেও গোল করতে পারেননি।
বিরতির পরই অবশ্য পেনাল্টি থেকে সমতা ফেরান রোনালদো। ৭০ মিনিটে স্কোরলাইন ২-১ হয় পর্তুগিজ তারকার গোলেই।
শুরুর চার ম্যাচে গোলশূন্য থাকার পরও এই ম্যাচের জোড়া গোল নিয়ে সিরি অ’তে ৭ গোল হয়ে গেছে রোনালদো। দলের মোট ১৪ গোলের ১০টিতেই তার অবদান। সাত গোলের সঙ্গে অ্যাসিস্ট তিনটিতে। যা অবস্থা, তাতে ছন্দে থাকা রোনালদোকে নিশ্চয়ই মিস করছে রিয়াল মাদ্রিদ সমর্থকরা।








