জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) এবং সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত নয়।
সোমবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এরশাদের ছোট ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। এসময় তিনি এ তথ্য জানান।
জি এম কাদের বলেন: হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার ফুসফুসের সংক্রমণ আগের চেয়ে কিছুটা কমে উন্নতির দিকে। এ অবস্থা চললে তাকে স্বাভাবিক অক্সিজেন দেয়া হবে।
তবে কিডনির ইনফেকশন বেড়েছে জানিয়ে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে উল্লেখ করেন জিএম কাদের।
তিনি বলেন: উনি আধা ঘুম আধা জাগরণ অবস্থায় আছেন। এ থেকে বোঝা যাচ্ছে তার সেন্স রয়েছে। চিকিৎসকদের মতে, এ অবস্থায় বিদেশে নেয়ার সিদ্ধান্ত সঠিক হবে না।
এসময় জাতীয় পার্টির পক্ষ থেকে যে তথ্য দেয়া হয় এর বাইরে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার না করার অনুরোধ জানান জিএম কাদের।








