জনপদ

এমসি কলেজে গণধর্ষণ: দুই নম্বর আসামি তারেক গ্রেপ্তার

গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তারেকের ছবি, পুলিশ ও সন্দেহভাজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তারেকসহ অন্যান্য সন্দেহভাজনদের ছবি, পুলিশ ও তদন্তকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটের (মুরারিচাঁদ) এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার দুই নম্বর আসামি তারেকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

অভিযুক্ত তারেক সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর একটি দল।

এ নিয়ে চাঞ্চল্যকর এ মামলায় এজাহারভুক্ত ৬ আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ ও র‌্যাব।

গত শুক্রবার এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক তরুণী। স্বামীকে মারধর করে তাকে ছিনিয়ে ছাত্রাবাসে নিয়ে যায় কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

স্ত্রীকে বাঁচাতে স্বামী তাদের পিছু পিছু গেলে তাকে বেঁধে রেখে ছাত্রলীগের ওই নেতাকর্মীরা তরুণীকে গণধর্ষণ করে।

পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ কলেজের ছাত্রাবাস এলাকা থেকে ধর্ষণের শিকার তরুণী এবং তার স্বামীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরদিন ওই ঘটনায় ছাত্রলীগের ৯ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়।

তারা হলেন; এমসি কলেজ ছাত্রলীগের নেতা ইংরেজি বিভাগের মাস্টার্সে শিক্ষার্থী শাহ মাহবুবুর রহমান রণি, একই শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাছুম, ছাত্রলীগ কর্মী এম সাইফুর রহমান, অর্জুন লস্কর এবং বহিরাগত ছাত্রলীগ নেতা রবিউল ও তারেক।

মামলায় ৬ জনকে সরাসরি জড়িত বলে অভিযুক্ত করা হয়েছে। অন্য ৩ জনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়।

গণধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও কলেজর দুই দারোয়ানকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।

বিষয়:এমসি কলেজ এমসি কলেজে গৃহবধু ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…