বাংলাদেশ

এমপি রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

এমপি রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

সাংসদ আমানুর রহমান খান রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ। রানার নিজ সংসদীয় আসন (টাঙ্গাইল-৩) ঘাটাইলে এই মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার পলাতক আসামী সংসদ সদস্য রানা রোববার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত জামিন নামঞ্জুর করে রানাকে জেল হাজতে প্রেরণ করেন। উভয় পক্ষের শুনানী শেষে আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এই আদেশ দেন।

রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে ফাঁসির দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে ঘাটাইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভ মিছিলটি স্থানীয় পারুল প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে সমাবেশে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহিদ, যুগ্ন-আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, যুগ্ন-আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, এডভোকেট শাহানশাহ সিদ্দিকী, আবু সাইদ রুবেল প্রমুখ।

বক্তারা এমপি রানাসহ অন্য আসামীদের ফাঁসির দাবি জানান।

বিষয়:আমানুর রহমান খান রানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…