ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও পোস্ট করে অর্থ উপার্জন করা যায়, সেটি কম-বেশি সবারই জানা। ব্যতিক্রমী আইডিয়া, ভিডিও ধারণ, এডিট, টাইটেল, বিবরণ ও প্রয়োজনীয় ট্যাগ দিয়ে পোস্টের মাধ্যমে ভিডিওটি জনপ্রিয় করার চেষ্টা করেন অনেকে। সফল ইউটিউবার হতে অনেক তরুণই ‘রাত-দিন’ এক করে কাজ করে যাচ্ছেন। কিন্তু একশ্রেণির অসাধু মহল ঘরে বসে টিভিতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান সঙ্গে সঙ্গে ক্যাপচার করে চটকদার শিরোনাম দিয়ে প্রচার করছেন নিজেদের ইউটিউব চ্যানেলে। দিনের পর দিন এভাবে ডলার কামিয়ে যাচ্ছে প্রতারকরা।
দর্শকপ্রিয়তা পেতে প্রতারকরা বেছে নিচ্ছে খেলাধুলার অনুষ্ঠান। মোবাইল থেকে ইউটিউবে গিয়ে তা দেখছেন ক্রীড়ানুরাগী, খেলোয়াড়, সাংবাদিক তথা সব মহলের মানুষ। স্মার্টফোন ব্যবহারকারীরা ইউটিউবনির্ভর হয়ে যাওয়ায় দর্শক হারাচ্ছে টেলিভিশন, আর কনটেন্ট চুরি করে অর্থের জোয়ারে ভাসছে অসাধুচক্র।
টার্গেট খেলাযোগ
নিউজ চ্যানেল একাত্তর টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান খেলাযোগ। রাত সাড়ে ১০টা শুরু হওয়া ৩০ মিনিট দৈর্ঘ্যের অনুষ্ঠানে থাকে দেশ-বিদেশের খেলাধুলার খবরাখবর। প্রতারকরা সেটি শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাপচার করে। জনপ্রিয় হতে পারে এমন সংবাদগুলো নিয়ে ৫-১০ মিনিটের ভিডিও বানিয়ে বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে পোস্ট করে তাদের তথাকথিত ইউটিউব চ্যানেলে। প্রযুক্তির সহায়তায় প্রতিবেদকের কণ্ঠ কিছুটা পরিবর্তন আনায় অনেকসময় ‘চুরি’ বুঝতে পারে না ইউটিউব কর্তৃপক্ষ।
চুরি করা কনটেন্ট ইউটিউবে পোস্ট এবং সেটি দেখতে মানুষের নির্ভরশীলতা দিনকে দিন বেড়ে চলায় টেলিভিশনের সঙ্গে সম্পৃক্তরা উদ্বিগ্ন।
একাত্তর টিভির স্পোর্টস এডিটর এহসান মোহাম্মদ চ্যানেল আই অনলাইনকে বলেন: এটা চিন্তার বিষয়। অনেকে ব্যস্ততার কারণে ভাবে এখন নিউজ দেখব না। ইউটিউবে আপ হবে, দেখে নিব। এখন যদি আমাদের কনটেন্ট অন্য কেউ তার মতো করে ইউটিউবে আপ করে, সেটা অবশ্যই চিন্তার বিষয়।

‘কপিরাইট আইন যেটা আছে, সেটার মধ্যে এই বিষয়টাও থাকা উচিত। ইউটিউব চ্যানেলগুলো আরেকটা টেলিভিশনের অনুষ্ঠান অনুমতি না নিয়ে কীভাবে দেখায়! আমর কী চাইলেই ইএসপিএন, স্টার স্পোর্টসের ফুটেজ ২০-৩০ মিনিট ধরে দেখাতে পারব? সেটি করলে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। আমরা ভুলক্রমে খেলাযোগের ফেসবুক পেজে একটা বিদেশি ফুটেজ ব্যবহার করেছিলাম এবং তাতে আমাদের ফেসবুক পেজই গায়েব করে ফেলেছে। এরকম স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা উচিত।’
খেলাধুলার খবরাখবর ক্যাপচার করে প্রচার করার সিদ্ধহস্ত একটি ইউটিউব চ্যানেল, যার নাম অলটাইমবেস্ট (AlltimeBest)। পাশে ভেরিফাইয়েড চিহ্ন দেখালেও সেটি আকাশী রঙের নয়। বুধবার রাত ১১টায় চ্যানেলটিতে তারা প্রচার করে খেলাযোগ থেকে কপি করা কিছু অংশ। ভিডিওটি দেখে এক লাখের মতো মানুষ।
এহসান মোহাম্মদ জানান, সম্প্রতি তাদের একটি অনুষ্ঠান তিনটি ইউটিউব চ্যানেল প্রচার করেছে। তা দেখেছে প্রায় ৩২ লাখ মানুষ। তিনি মনে করেন চুরি ঠেকানো গেলে অন্তত ১০ লাখ দর্শক টিভির সামনে বসত।
বিষয়টি দৃশ্যমান হওয়ার পর পদক্ষেপ নিচ্ছে চ্যানেলটি।
এহসান মোহাম্মদ বলেন, ‘ব্যাপারটার দৃষ্টিগোচর হওয়ার পর আমরা ম্যানেজমেন্টকে জানিয়েছি, তারা বলেছে অতিসত্বর ব্যবস্থা নেবে। আমরা অলরেডি কমপ্লেইন দেয়া শুরু করেছি, আরও করব। আমরা একটি কোম্পানির সঙ্গে চুক্তিতে যাচ্ছি। ওরা আমাদের কনটেন্ট (খেলাযোগ) নিয়ে ইউটিউবে আপ করবে। ওরা নেয়ার পর ওরা নিজেরাই দায়িত্ব নিয়ে চুরি বন্ধ করবে।’
আরেক টার্গেট স্পোর্টস ওয়ার্ল্ড
যমুনা টিভির খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান স্পোর্টস ওয়ার্ল্ড প্রচারিত হয় রাত ৮টায়। নিজেদের ইউটিউব চ্যানেল থাকলেও পেরে উঠতে পারছে না অসাধু ইউটিউবারদের সঙ্গে।
গত সপ্তাহে প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটার নাফিউলের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন করেন যমুনা টিভির স্পোর্টস রিপোর্টার সালাউদ্দিন সুমন। সেটি যমুনার ইউটিউব চ্যানেল থেকে প্রথম ৩০ ঘণ্টায় ভিউ হয় ১২ লাখের মতো। একই ভিডিও অন্য কয়েকটি ইউটিউব চ্যানেল কপি করে পোস্ট করলে ভিউ পায় ৩০ লাখের উপরে।

যমুনা টেলিভিশনের স্পোর্টস এডিটর রানা হাসান মনে করেন, এসব চুরি ঠেকানোর কার্যকরী পদ্ধতির আবিষ্কার জরুরী হয়ে পড়েছে।
‘রেকর্ড করার ব্যাপারটা অনেকভাবেই সম্ভব। বাসায় যদি স্মার্ট টিভি থাকে বা ডিজিটাল বক্স থাকে তাহলে অনেকভাবেই ক্যাপচার করা সম্ভব। এটা বন্ধে ইউনিক সিস্টেম তৈরি করা উচিত বলে আমি মনে করি। চুরি ঠেকাতে আমরা আইটি সাপোর্ট টিমকে কাজ করতে বলেছি। কয়েকদিনের মধ্যেই হয়তো সফল হতে যাচ্ছি। ইএসপিএন বা স্টার স্পোর্টসের ভিডিও যদি আপনি টিভিতে দেখান তাহলে ওয়ার্নিং শো করে। আমরা ওই ধরনের কিছু করার করার চিন্তা করছি।’
গত বছর নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছে যমুনা টিভি। এখন সাবসক্রাইবার প্রায় ৫৭ হাজার।
টেলিভিশনটির নিউমিডিয়া সেকশনের (ওয়েব) ইনচার্জ রুবেল মাহমুদ জানান, চ্যানেল ভেরিফায়েড না হলে ইউটিউবের কাছে অভিযোগ করেও খুব বেশি লাভ হয় না।
‘অ্যাকাউন্ট ভেরিফায়েড হতে হবে। চ্যানেলটা একটা জায়গায় নিয়ে যেতে হবে, তারপর পদক্ষেপ নেয়া যাবে। কনটেন্ট চুরি হচ্ছে এবং আমরা অভিযোগ করছি। কিন্তু ভেরিফায়েড না হওয়ায় ইউটিউব স্ট্রংলি অ্যাকশন নিচ্ছে না। ইউটিউবের বিজনেস পার্টনার হলে অ্যাকশন দ্রুত হয়। আমরা সেটার অপেক্ষায় আছি।’
তিনি বলেন: এটা দুর্ভাগ্যজনক যে আমাদের ইউটিউব থেকে ৫ হাজার মানুষ দেখছে, কিন্তু যারা কপি করছে তাদের চ্যানেল থেকে দেখছে ৫০ হাজার মানুষ। কারণ তারা চটকদারভাবে পরিবেশন করে, অনেকসময় যার সঙ্গে বাস্তবের সম্পর্ক থাকে না। মানুষ আগ্রহ নিয়ে ঢুকে যাচ্ছে ওখানে।’
টেকনিক্যালি কপি করা বন্ধের কোনো উপায় আছে কিনা -জানতে চাইলে তিনি বলেন: ওরা অনেক কৌশল অবলম্বন করছে যে কারণে ধরা পড়ছে না। একই ভিডিও বেশিক্ষণ ব্যবহার না করা, ভিডিও মোডিফাই করে সাউন্ড এদিক-সেদিক করে দিয়ে প্রচার করছে। এখন প্রযুক্তি যেমন হয়েছে তাতে একটা পথ বন্ধ করলে আরও দুইটা পথ বেরিয়ে আসে।
‘আমাদের দেশে তো পাইরেসি এখনও ঠেকানো যায়নি। অনেক ওয়েবসাইটে ভিডিও থাকে যেটি ডাউনলোড করতে পারবেন না। কিন্তু ওরা তো টেলিভিশনের স্ক্রিন ক্যাপচার করে ফেলে যা রোধ করা কঠিন।’
পুলিশের কাছে অভিযোগ করছে না কেউ
ইউটিউবের ভিডিও চুরি হলে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। অনেক মানুষের কাছে ব্যাপারটা এখনও অজানাই। কনটেন্ট চুরি বিষয়ক কোনো লিখিত অভিযোগ এখনও জমা পড়েনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সোশ্যাল মিডিয়া মনিটরিং অ্যান্ড ওয়েবসাইট ক্রাইম সেকশনে।
ওই বিভাগে কাজ করা ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব আ. ফ. ম. আল কিবরিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘যদি আইডিন্টেফাই করা যায় তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। প্রতিরোধ করার জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব। সুযোগ আছে প্রতারককে খুঁজে বের করে আইনের আওতায় আনার।’
এ ব্যাপারে সরাসরি ইউটিউব কর্তৃপক্ষের সহায়তা নেয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ইউটিউব গুগলের কোম্পানি। গুগলের সাথে আমাদের করেসপন্ডেন্ট হয়। অভিযোগ পেলে আমরা গুগলকে জানাতে পারি। তথ্য জানার চেষ্টা করতে পারি। তাদেরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সবক্ষেত্রে তারা সহায়তা দেয় না। সেগুলোর ( টার্মস অ্যান্ড কন্ডিশন) উপর ভিত্তি করে করে তারা আমাদের তথ্য দেয়। এমন (ভিডিও কনটেন্ট চুরি) কোনো আনুষ্ঠানিক অভিযোগ নেই। যারা কনটেন্ট চুরি করছে তারা হয়তো জানেও না তারা এটা করতে পারে না। না জেনে তারা করছে। আইনি ব্যবস্থা আছে এটা জানার পর হয়তো কমে আসতে পারে।’







