এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ১০ গোলে উড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ম্যাচে লেবাননকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা।
মঙ্গলবার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লেবানিজদের জালে গুণে গুণে আটবার বল জড়ায় মোগিনি, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়ররা।
এই লেবাননই বাহরাইনকে ৮-০ গোলে হারিয়েছিল। এছাড়া আরব আমিরাতকে ৬-৩ ব্যবধানে হারানো লেবানন লাল-সবুজের কিশোরীদের কাছেই প্রথম হারের স্বাদ পেল।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছে তহুরা খাতুন, সাজেদা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। বাকি গোল দুটি আনাই মোগিনি ও রোজিনা আক্তারের।
ম্যাচের ১৩ মিনিটের সময় মনিকার বাড়ানো বলে নিখুঁত শটে প্রথম গোলটি সাজেদার। ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ পেলেও হাতছাড়া করে সাজেদা। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছে তহুরা।
পরে ২৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করেছে সেই তহুরাই। আঁখি খাতুনের কাছ থেকে বল পেয়ে তহুরার গোল আদায়ের তিন মিনিট পর আঁখির বাড়ানো বলেই গোলের হালি পূর্ণ করে আনাই।
দলের পাঁচনম্বর গোলটি সাজেদার। ৪০তম মিনিটে আঁখির বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোলটি করেছে সাজেদা। দলের ছয়নম্বর গোলটি আসে শামসুন্নাহার জুনিয়রের থেকে। ৬৩ মিনিটে সুলতানার ক্রস থেকে বল জালে জড়ায় শামসুন্নাহার। শেষদিকে ৭৫ মিনিটে স্কোরলাইন ৮-০ করে বড় জয়ে শেষ পেরেক ঠোকে রোজিনা।
লেবাননকে হারিয়ে শীর্ষে এখন স্বাগতিক বাংলাদেশ। দুদলেরই পয়েন্ট ৬ করে। তবে এক ম্যাচ বেশি খেলা লেবাননের পয়েন্ট বাংলাদেশের সমান হলেও গোলপার্থক্যে এগিয়ে থেকে একনম্বরে বাংলাদেশই।
আগামী শুক্রবার ‘এফ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।
গতবারের মতো এবার অবশ্য বাছাই পার হলেই সরাসরি মূলপর্বে খেলা যাবে না। বাছাইয়ে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই দল নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ উঠবে মূলপর্বে।
গত আসরের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া, রানার্সআপ সাউথ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান সরাসরি ২০১৯ সালে থাইল্যান্ডে বসতে যাওয়া মূলপর্বে খেলবে। স্বাগতিক হওয়ায় থাইল্যান্ডও সরাসরি মূলপর্বে খেলবে।








