‘রাশিয়া থেকে পড়াশোনা করে এসে যখন বাংলা ছবিতে অভিনয় শুরু করি, তখন অনেকেই নানা কথা বলেছিলেন। আজ যখন আমি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত, তখন তারাই আমাকে প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন। তেমনি ক্যাম্পাস স্টার যারা হবেন, তাদের কাছে ছবিতে আসার জন্য অনুরোধ করব এবং আমাদের একজন হয়ে বাংলা ছবিকে বিশ্বময় ছড়িয়ে দিতে বলব।’ বললেন চিত্রনায়িকা নিপুণ। আজ বুধবার আরটিভির কার্যালয়ে ‘ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ প্রতিযোগিতার আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
নতুন এই রিয়েলিটি শোর বিচারক হচ্ছেন চলচ্চিত্র, টিভি আর সংগীতের তিন তারকাব–নিপুণ, সজল ও কনা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তারা। আরও ছিলেন আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, আরটিভি মার্কেটিং প্রধান সুদেব চন্দ্র ঘোষ, এশিয়ান কনজুমার কেয়ার ও ডাবর বাংলাদেশের পরিচালক সঞ্জয় মুনশী, বিপণন প্রধান আসিফুর রউফ, ব্র্যান্ড ম্যানেজার মো. শরিফুল ইসলাম এবং এক্সপ্রেশনসের পরিচালক সৈয়দ আপন আহসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ১৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একই সাথে নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচন করা হবে। বিজয়ী ‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ পুরস্কার হিসাবে পাবেন নগদ এক লাখ টাকা এবং ভাটিকা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হওয়ার সুযোগ। ১ম ও ২য় রানারআপ যথাক্রমে আরটিভির সংবাদ উপস্থাপক এবং একটি এফএম রেডিও স্টেশনে আরজে হিসেবে কাজ করার সুযোগ পাবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাফা কবীর। শিগগিরই এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান আরটিভিতে প্রচার শুরু হবে।
আলোকচিত্রী : জাকির সবুজ







