শিল্পী, সুরকার, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার এবার নতুন পরিচয়ে সামনে এলেন। প্রযোজক হয়েছেন তিনি। BEE EMMZ WORKSTATIO নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন। আজ বৃহস্পতিবার হাসান আবিদুর রেজা জুয়েলের ‘এমন হলো কই’ অ্যালবামটি দিয়ে প্রযোজক বাপ্পা মজুমদারের যাত্রা শুরু হলো। নিজের প্রতিষ্ঠান প্রসঙ্গে বাপ্পা মজুমদার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অনেকদিন ধরেই ভাবছিলাম এমন কিছু করব। এখন মিউজিক ইন্ডাস্টির ব্যপক পরিবর্তন এসেছে। আমি চাচ্ছি আমার কনটেন্টগুলো যেন আমার হাতেই থাকে। নিজের কাছে থাকলে কাজের ক্ষেত্রে স্বাধীনতা পাওয়া যায়। এছাড়া গানের স্বত্ব সংরক্ষণের বিষয়ে আমরা নানাভাবে বিভ্রান্ত হচ্ছি। এখন থেকে আমার গানগুলো BEE EMMZ WORKSTATION থেকে বের হওয়ার সম্ভাবনা বেশি।’
শুধু কি নিজের গান? বাপ্পা মজুমদার বললেন, ‘না। এই যে প্রথম অ্যালবামটাই করলাম হাসান আবিদুল রেজা জুয়েলের। এর কারণ হলো, জুয়েলের হাত ধরে আমার সংগীতাঙ্গনে প্রবেশ। তবে সামনে আর কার কার গান করা হবে, তা এখনই বলতে পারছি না।’
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিজের গান কবে প্রকাশ করবেন? বাপ্পা মজুমদার বলেন, ‘আপাতত আমার কোনো গান আসছে না। তবে ব্যাতিক্রম কিছু আসবে। গান আসতে দেরি হবে।’
বাপ্পা মজুমদার সর্বশেষ ‘সত্তা’ ছবিতে সংগীত পরিচালনা করেন। ‘সত্তা’ ছবির দুটি গান দারুণ জনপ্রিয়তা পায়।








