চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি হারানোর জ্বালা কমতে না কমতেই নতুন করে বিতর্ক উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নিয়ে। বিতর্কের কারণ বিসিসিআইয়ের লোগো। বোর্ডের লোগোকে সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে তুলে ধরেছে দেশটির কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি)। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বিষয়টির সমাধানও জানতে চেয়েছে তারা।
বর্তমানে বিসিসিআইয়ের লোগোতে যে স্টার বা তারকা প্রতীকটি ব্যবহার করা হয় তা ঔপনিবেশিক আমলে ব্যবহৃত হতো ব্রিটিশ পতাকার মাঝে। ১৯২৮ সালে ভারতের ক্রিকেট বোর্ড গঠিত হওয়ার সময় এই স্টার প্রতীকটি ব্যবহার করা হয়। এরপর ১৯৩২ সালে প্রথম টেস্ট খেলা ভারতীয় ক্রিকেট দলের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে এই স্টার।
বিতর্ক সৃষ্টি হয়েছে এই প্রতীককে ঘিরেই। সিআইসির মতে স্বাধীন ভারতের কোন খেলাধুলার লোগোতে ঔপনিবেশিকতার ছাপ রাখার কোন যুক্তি নেই। তথ্য কমিশনার শ্রীধর আচার্যলুর মতে ভারতের খেলাধুলায় ব্যবহার করতে হবে দেশটির নিজস্ব কোন প্রতীক।
আচার্যলু বিষয়টিকে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত। সেখানে বিসিসিআইকে তথ্য স্বচ্ছতার মধ্যে নিয়ে আসার জন্য সুপারিশ করেছেন তিনি।







