এবার ড্রাগ পাপীর খাতায় নাম উঠলো টেনিসের ‘গ্ল্যামার-কুইন’ মারিয়া শারাপোভা। আর এই ঘোষণা নিজেই দিয়েছেন রুশ সুন্দরী।
সোমবার এক সাংবাদ সম্মেলনে শারাপোভা জানিয়েছে, অস্ট্রেলীয় ওপেনের ড্রাগ পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি। এই অপরাধের শাস্তি হিসেবে এক বছর টেনিস থেকে বাইরে থাকতে হতে পারে শারাপোভার।
শারীরিক অসুস্থতার জন্যই গত দশ বছর তিনি মেলডোনিয়াম নামক ড্রাগ নিতেন। কিন্তু এই বছরের শুরুর থেকেই সেই ড্রাগ নিষিদ্ধ করা হয়। এ ব্যাপারে জানতেন না সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন।
রুশ তারকা বলেন, ‘আমি জানতাম না মেলডোনিয়াম এখন নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু যে ভুল আমি করেছি তার শাস্তি তো পেতেই হবে।’
গত বছর ডিসেম্বরে ওয়াডার(অ্যান্টি ডোপিং এজেন্সি) তরফ থেকে ই-মেইল পাঠানো হয় শারাপোভাকে। কিন্তু তিনি সেই ই-মেইলে দেখতে ভুলে গিয়েছিলেন যেখানে লেখা ছিল কোনে কোন ড্রাগ এখন টেনিসে নিষিদ্ধ।
শারাপোভা বলছেন, ‘আমি ই-মেইলটা খুলে দেখতে ভুলে গিয়েছিলাম। খুব বড় ভুল হয়ে গেছে।’
সংবাদ সম্মেলনে প্রায় কান্নায় ভেঙে পড়েন শারাপোভা। আবেদন জানান, এইভাবে যাতে তার ক্যারিয়ার শেষ না হয়। তার আকুতি, ‘আমি এইভাবে টেনিসকে বিদায় জানাতে চাই না। আশা করছি আবার টেনিস খেলার সুযোগ পাব।’
পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম শিরোপাজয়ী শারাপোভা ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন শিরোপা জিতে সারা বিশ্বে আলোড়ন তুলে ছিলেন।






