অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম শহরে তাদের উবার এক্স, উবার হায়ার এবং উবার মটো সার্ভিস নিয়ে যাত্রা শুরু করেছে।
বাংলা নববর্ষের ঠিক আগেই চট্টগ্রামে যাত্রা শুরু করার মাধ্যমে বাংলাদেশের ২য় কোনো শহরে উবার তাদের সেবা চালু করল।
প্রায় দেড় বছর আগে ঢাকায় যাত্রা শুরুর মাধ্যমে উবার বাংলাদেশে পদার্পণ করে। শুরু থেকেই যাত্রী ও চালক উভয় পক্ষের কাছে সমানভাবে সমাদৃত হয় বিশ্বনন্দিত এই সার্ভিস। এই সময়ে যাত্রীদের উন্নত মানের যাতায়াত ব্যবস্থা এবং চালকদের পর্যাপ্ত উপার্জন নিশ্চিত করে চলেছে উবার।
এ বিষয়ে উবারের রিজিওনাল জেনারেল ম্যানেজার প্রোভজোৎ সিং বলেন, ঢাকায় যাত্রা শুরুর পর থেকেই যাত্রী এবং চালকরা আমাদের সাদরে গ্রহণ করে নিয়েছেন। সবার এতো ভালোবাসা পেয়েছি যে চট্টগ্রামে যাত্রা শুরু করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি। চট্টগ্রামবাসীর যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দ্যপূর্ণ করা এবং চালকদের উপার্জনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
তিনি বলেন, বাংলাদেশ উবারের অন্যতম দ্রুত বর্ধনশীল মার্কেটগুলোর মধ্যে একটি। নতুন এই শহরে উবারের কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে আমরা অত্যন্ত উৎসাহী এবং আশাবাদী।







