বিশ্বের বেশ কয়েকটি গুরুত্ত্বপূর্ণ উৎসবে আমন্ত্রণ পায় ৭১ এর ধর্ষিতা বীরঙ্গনাদের বেঁচে থাকার গল্প নিয়ে নির্মিত বাংলাদেশি প্রামাণ্যচিত্র বিষকাঁটা (দ্য পয়জন থোর্ন)। সর্বশেষ বাগদাদ ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে প্রতিযোগিতা বিভাগে পুরস্কার অর্জন করেছে সিনেমাটি।
ফারজানা ববির ছবিটি এবার প্রদর্শিত হবে ইউক্রেনের কাইয়েবে। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইকুয়েলিটি ফিল্ম ফেস্টিভ্যালে বিষকাঁটা প্রদর্শিত হবে। এ উৎসবটি সংস্কৃতি, সৃজনশীলতা এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে যাতে বিশ্বের বিভিন্ন জাতির মানুষের মধ্যে ভেদাভেদ না থেকে একতা তৈরি হয়। উৎসবটি শেষ হবে ১১ই ডিসেম্বর।
খনা টকিজের ব্যনারে এবং রুবাইয়েত হোসাইনের প্রযোজনায় ফারজানা ববির পরিচালনায় এই প্রামাণ্যচিত্রে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো বেঁচে থাকা ৩ জন মহিয়সী নারীর গল্প তুলে ধরা হয়েছে। নিদারূণ যন্ত্রণার নিরবতা তাদের কণ্ঠে পুনরুত্থিত হয়েছে। এ ছবিতে দেখানো হয়েছে
তাদের ব্যথা বেদনার কথা। যদিও যুদ্ধ শেষ হয়েছে, এরপরেও ব্যথা এবং ধর্ষণের কলঙ্ক নিয়ে তাদের ভেতর অন্য কেউ বাস করে চলছে। স্বাধীনতার এত সময় পরেও তারা এটাই মনে করছেন। যে নারীরা যুদ্ধ করেছেন, ধর্ষিতা হওয়ার পর সমাজে এখনও সম্মানের সাথে বাঁচার জন্য সংগ্রাম করছেন, তারা বীরঙ্গনা। রঞ্জিতা মন্ডল, হালিমা খাতুন, রমা চৌধুরী এই তিনজন বীরঙ্গনার সংগ্রাম-অভিযোগ আর জীবনের গল্প নিয়েই বিষকাঁটা প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে।







