একাত্তরের বীরঙ্গনাদের বেঁচে থাকার গল্প নিয়ে নির্মিত বাংলাদেশি প্রামাণ্যচিত্র বিষকাঁটা (দ্য পয়জন থোর্ন) এবার প্রদর্শিত হবে বাগদাদ ফিল্ম ফেস্টিভ্যালে।
প্রমাণ্যচিত্র বিভাগের প্রতিযোগীতায় লড়বে ফারজানা ববির পরিচালনা ও রুবাইয়াত হোসেন প্রযোজিত ছবিটি। এ বছর ইরাকের রাজধানী বাগদাদে উৎসবটি ৩ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
ইরাকের অভিনেতা ইউসুফ আল আনি এবং পোল্যন্ডের নির্মাতা আন্দ্রজেজ ওয়াজদাকে উৎসর্গ করে উৎসবটি আয়োজিত হতে যাচ্ছে।
ফারজানা ববি প্রামাণ্য ছবিটিতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সম্ভ্রভ হারানো বেঁচে থাকা ৩ জন মহিয়সী নারীর গল্প তুলে ধরেছেন। নিদারুণ যন্ত্রণার নিরবতা তাদের কণ্ঠে পুনরুত্থিত হয়েছে। এ ছবিতে দেখানো হয়েছে তাদের ব্যথা বেদনার কথা। যদিও যুদ্ধ শেষ হয়েছে, এরপরেও ব্যথা এবং ধর্ষণের কলঙ্ক নিয়ে তাদের ভেতর অন্য কেউ বাস করে চলছে।
স্বাধীনতার এতটা সময় পরেও তারা এটাই মনে করছেন। যে নারীরা যুদ্ধ করেছেন, ধর্ষিতা হওয়ার পর সমাজে এখনও সম্মানের সাথে বাঁচার জন্য সংগ্রাম করছেন, তারা বীরঙ্গনা।
রঞ্জিতা মন্ডল, হালিমা খাতুন, রমা চৌধুরী এই তিনজন বীরঙ্গনার সংগ্রাম-অভিযোগ আর জীবনের গল্প নিয়েই বিষকাঁটা প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে।








