ওয়ানডে বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের সুবাদে বড় বড় দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ আসছে বাংলাদেশের মেয়েদের। এবছরই নিউজিল্যান্ড সফর করবে নিগার সুলতানা জ্যোতির দল। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে চ্যানেল আই অনলাইনকে।
নভেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। সফরে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি। ২০২৩ সালের জানুয়ারিতে আছে শ্রীলঙ্কা সফর। সেখানেও তিনটি করে ওয়ানডে, টি-টুয়েন্টি।
এবছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাছাইপর্বে উতরাতে পারলে পরের বছর ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর। দুই দল খেলবে তিনটি করে ওয়ানডে, টি-টুয়েন্টি।
নভেম্বরে পাকিস্তান দল আসবে বাংলাদেশে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে রয়েছে তিনটি টি-টুয়েন্টি ম্যাচও। ২০২৪ সালের মার্চে ভারত নারী দলের বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। একই বছর আসতে পারে অস্ট্রেলিয়াও।
আগামী বছরের মার্চ কিংবা ডিসেম্বরে টি-টুয়েন্টি সংস্করণের এশিয়া কাপের স্লট রেখেছে এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল)। জানা গেছে, আসরটির আয়োজক হওয়ার প্রবল সম্ভাবনা বাংলাদেশের। তাছাড়া জানুয়ারিতে আইসিসির নতুন ইভেন্ট মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ চূড়ান্ত হয়েছে আগেই।
রোববার নিউজিল্যান্ডে শেষ হয়েছে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ অভিযান। প্রথমবার বিশ্বমঞ্চে নেমেই চমক দেখান শামীমা-সুপ্তারা। পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয় পাওয়া ছাড়াও সাউথ আফ্রিকা ও উইন্ডিজের বিপক্ষে জয়ের আশা জাগায় টিম টাইগ্রেস। দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকেও ভড়কে দিয়েছিলেন সালমা-নাহিদা-রিতুরা। পাকিস্তানকে পেছনে ফেলে সপ্তম স্থান নিয়ে বিশ্বকাপ শেষ করেছে নারী দল।
বুধবার রাতে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে বাংলাদেশ দল। কয়েকদিনের বিশ্রামের পর ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। দুই বছর ধরে বন্ধ থাকা মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাবনা রয়েছে।
নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে পরপর দুটি ইভেন্ট রয়েছে মেয়েদের সামনে। প্রথমটি এশিয়ান গেমস। ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনে হবে আসরটি। টি-টুয়েন্টি ক্রিকেট ইভেন্টে অংশ নেবে নিগার সুলতানার দল। সেপ্টেম্বর-অক্টোবরে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। ভেন্যু এখনো চূড়ান্ত করেনি আইসিসি।







