২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলার মধ্য থেকে পেন্টাগনের বেশ কিছু ছবি আবারও দেখা যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ওয়েবসাইটে। প্রথম প্রকাশের ছ’বছর পর হঠাৎ করেই আবার ছবিগুলো ওয়েবসাইটটিতে ফিরে এলো।
পুনর্প্রকাশিত মোট ২৭টি ছবিতে ভয়াবহ আগুন নেভানোর লড়াইয়ের পাশাপাশি উদ্ধারকর্মী ও তদন্তকারীদের ধ্বসংস্তুপ ঘাঁটাঘাটির দৃশ্য রয়েছে।
বিবিসি জানায়, প্রথমে মনে করা হয়েছিল ছবিগুলোতে নতুন করে ডেট স্ট্যাম্প (তারিখ সম্পর্কিত তথ্য) যোগ করার ফলে ছবিগুলো নতুন করে প্রকাশিত হয়েছে।


কিন্তু এফবিআই মুখপাত্র জিলিয়ান স্টিকেলস জানান, ছবিগুলো ২০১১ সালেই প্রথম প্রকাশিত হয়েছিল। একটি কারিগরি ত্রুটির কারণে সেগুলো হঠাৎ করে ওয়েবসাইট থেকে অনির্দিষ্টকালের জন্য হারিয়ে যায়।


ছবিগুলো গায়েব হয়ে গেছে সেটা সম্প্রতি টের পাওয়ার পর এফবিআই জনসাধারণের দেখার জন্য সেগুলো পুনরুদ্ধার করে সাইটে ফিরিয়ে আনে বলে জানান জিলিয়ান।


২০০১ সালের ওই দিনটিতে স্থানীয় সময় সাড়ে ৯টার কিছু পরে অ্যামেরিকান এয়ারলাইন্সের ভার্জিনিয়া থেকে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইট ৭৭ পেন্টাগনে আছড়ে পড়ে।

ভবনটির প্রথম এবং দ্বিতীয় তলার মাঝামাঝি আঘাত হানা ওই হামলায় ১৮৪ জন মারা যায়।










