না, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো লোকজন বাধা দেয়নি শাকিব খানকে। কিন্তু এফডিসিতে ঢুকতে শাকিব খানকে গেটের বাইরে অপেক্ষা করতে হলো প্রায় আধঘণ্টা। কারণ ওই সময় হাজার কয়েক উৎসুক জনতা ভিড় করেছিলেন এফডিসির গেটের বাইরে। ভেতরে ঢুকছেন, বের হচ্ছেন বড় পর্দার তারকারা। তাদেরকে কাছ থেকে একনজর দেখার জন্য এই ভিড়।
আজ শুক্রবার বেলা ১টার দিকে এফডিসিতে আসেন শাকিব খান। ভেতরে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ। ভোট দিতে আসেন শাকিব। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও ভেতরে ঢুকতে পারেননি। শেষে প্রার্থীদের কাছে খবর যায়। বিভিন্ন প্যানেলের কয়েকজন প্রার্থী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে শাকিব খানের গাড়ি এফডিসির ভেতরে নিয়ে যান। কিন্তু গাড়িটি আর এগুতে পারেনি। শেষ পর্যন্ত এফডিসিরে গেটেই গাড়ি থেকে নেমে যান শাকিব খান। হেঁটে যান পুরোটা পথ। ভোট দিতে গিয়েও মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে লম্বা লাইনের তাকে দাঁড়াতে হয়।
ভোট দিয়ে এসে চ্যানেল আই অনলাইনকে শাকিব খান বলেন, ‘আমি এখানে শিল্পীদের প্রতিনিধি হিসাবে এসেছি। আমি আমার শিল্পী ভাইবোনদের অনুরোধ করছি, তারা যেন ওমর সানি ও অমিত হাসানের প্যানেলকে ভোট দেয়। সুন্দর নিবার্চনী পরিবেশ দেখছি। খুব ভালো লাগছে। আশা করছি সামনে আমরা সুন্দর পরিবেশ সবাইকে উপহার দিতে পারব।’









