আগেরদিন ইংলিশ এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। পরেরদিন নিশ্চিত হল তাদের প্রতিপক্ষ। রোববার সাউদ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে পা ফেলেছে আরেক জায়ান্ট চেলসি।
ওয়েম্বলিতে চেলসির জয়সূচক গোল দুটিই এসেছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৪৬ মিনিটে এডেন হ্যাজার্ডের পাসে প্রতিপক্ষের গোলমুখ খোলেন অলিভিয়ের জিরু।
ম্যাচের নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন আলভারো মোরাতা। আসপিলিকুয়েতার বাঁকানো ক্রসে মাথা ছুঁয়ে ৮২ মিনিটে বল জালে জড়ান এ স্প্যানিশ ফরোয়ার্ড।
আগামী ১৯ মে ওয়েম্বলিতেই ফাইনালে মুখোমুখি হবে ম্যানইউ-চেলসি। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দুইবারের দেখায় একবার করে জয় পেয়েছে দুটি দলই।








